আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার (০৭ মে) রাতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করায় আটক যুবককে শুক্রবার (৮ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকায় ঘটে।
মামলা সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী গতকাল বৃহস্পতিবার সকালে বাইসাইকেলে করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পরে চর গোরকমন্ডল সেতুর ওপর পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা মোঃ জেলানী মিয়া (২৫) নামের এক বখাটে যুবক তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়।
এ সময় অভিযুক্ত যুবক শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা চালালে তিনি কৌশলে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে।
সারাদিন ঐ ঘটনাটি কেন্দ্র করে স্থানীয় ভাবে সালিশ বৈঠকসহ বিষয়টি ধামাচাপার চেষ্টা করে ব্যর্থ হলে বিকালে ফুলবাড়ী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় আটক যুবককে পুলিশে সোপর্দ করেন। আটক মোঃ জেলানী মিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল গ্রামের মোঃ গাজিবর রহমানের ছেলে।
চর গোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকাল স্থানীয়রা অভিযুক্ত যুবকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি আরও জানান অভিযুক্ত যুবকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জানিয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে অভিযুক্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।