চট্টগ্রাম পানির ওপর ভাসছে না, শুষ্ক মৌসুমের মতো সুন্দর আছে
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম নগর পানির ওপর ভাসছে না। চট্টগ্রাম নগরী শুষ্ক মৌসুমে যে রকম থাকে সে রকমই আছে। প্রবর্তক মোড়ের এখানে খাল নির্মাণের কারণে একটু জলাবদ্ধতা হয়েছিল। এখন নিষ্কাশন হয়েছে। আমি নিজে পানির মধ্য দিয়ে হেঁটে এসেছি। যেটুকু পানি আছে আজ ও আগামীকাল সকালের মধ্যে এটাও নিষ্কাশন হয়ে যাবে।
আপনারা যেভাবে নিউজটি করেছেন, চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে। আমি চট্টগ্রাম এসে ঘুরে দেখলাম সন্ধ্যার পর থেকে। চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে না।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, চট্টগ্রাম শহর সুন্দর আছে, যে রকম ছিল সে রকমই আছে। হঠাৎ করে অতিবৃষ্টির কারণে কিছুটা পানি জমাট বাঁধলেও সঠিক সময়ে পানিটি নিষ্কাশন হয়ে গেছে। ৬০ কিলোমিটার আয়তনের একটি সিটি করপোরেশন। আমরা যেটুকু পানির মধ্যে হাঁটলাম এটা ৬০ ফুটও হবে না। সর্বোচ্চ ৩০ ফুট জায়গা হবে। আমি নিজে পায়ে হেঁটে এর মধ্যে দিয়ে এসেছি। একগোছা পানি হবে। এটাও যে কারণে হয়েছে আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের কাছে। আপনারা জানেন, সিটি করপোরেশনের অনেক খালের মধ্যে ৩৬টি খাল সংস্কার, পুনর্নির্মাণ, পানি প্রবাহ ঠিক রাখার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং ম্যানপাওয়ারের ঘাটতি থাকার কারণে তারা ২০১৬ সালে প্রকল্পটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে কাজটি বাস্তবায়ন শুরু করে। ২০১৯ সালে সমাপ্ত না হওয়ায় টাইম বর্ধিত হয়ে ২০২২ সাল হয়। ২২ সালে সমাপ্ত না হওয়ায় এটি ২০২৪ করা হয়। ২৪ সালেও সমাপ্ত না হওয়ায় ২০২৬ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সময়ে সময়ে টাকার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। আমি ওই দিকে আর যাচ্ছি না। আমার কাছে যেটুকু রিপোর্ট রয়েছে ৩০টি খালের কাজ সম্পন্ন হয়েছে। ৫টি খালের কাজ এমন পর্যায়ে আছে সেটি খুব একটা পানিকে বিঘ্ন ঘটাবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যে খালের কাছে দাঁড়িয়ে আছি এটি ৩৬টি খালের মধ্যে যে ছয়টি খাল বাকি আছে তার মধ্যে একটি, হিজড়া খাল। আপনারা জানেন খাল নির্মাণ বা পুনর্নির্মাণ করার সময় যখন আপনি কনস্ট্রাকশন করবেন স্টিল স্ট্রাকচার মাধ্যমে রিটেইনিং ওয়াল ব্যারিকেড তৈরি করতে হয়। যাতে উল্টো দিক থেকে মাটি বা কাদা পানি এসে কনস্ট্রাকশন ওয়ার্ককে বাধাগ্রস্ত করতে না পারে। ঠিক এ খালটিরও মাঝখান দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল।
তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং কোর সেনাবাহিনী মনে করেছিল ১৫ মের মধ্যে তারা কাজটি সম্পন্ন করে রিটেইনিং ওয়ালটি উইথড্র করে নিয়ে খালটি সচল করবে। হঠাৎ মহান আল্লাহর সৃষ্টি বর্ষার আগে অতিবৃষ্টি হয়ে যাবে এটি না আমরা জানতাম, না ইঞ্জিনিয়ারিং কোরের লোকজন জানত। এখন যেহেতু ঘটনা ঘটেছে। দুই একদিন হয়ত এ এলাকার মানুষ একটু কষ্ট পেয়েছেন। এখন পানি নিষ্কাশন হয়েছে। ইঞ্জিনিয়ারিং কোরের সঙ্গে আমাদের কথা হয়েছে।