নিজস্ব প্রতিবেদক
ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর জহির উদ্দিনে কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে গিয়ে ঘর লন্ডভন্ড হয়ে পড়ে। এছাড়া আশপাশে গাছপালা উপড়ে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার বিকেলে বয়ে যাওয়া তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে উপজেলার চর জহির উদ্দিনের ৬৩ নং মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে বিদ্যালয়ের পুরো টিনের ছাউনি উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। এতে শ্রেণিকক্ষের আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়।
স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যালয়টি মেরামত করে শিক্ষাকার্যক্রম পুনরায় চালু করা জরুরি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ অন্ধকার হয়ে এলে শিক্ষার্থীদের দ্রুত ছুটি দেওয়া হয়। ফলে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে ঘরের ভেতরের আসবাবপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দ্রুত মেরামতের ব্যবস্থা না নিলে শিক্ষা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা প্রয়োজন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজ আলম জানান, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের ছবি ও তথ্যসহ জরুরি বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত মেরামতের মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে।