ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ১৬:৩৮:৪২
মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর (রাজশাহী-১) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি বলেন, আমরা আল্লাহর আইন চাই। আপনারা (বিএনপি) আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে, কোরআনের আইন প্রতিষ্ঠা করি।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন, তারা শরিয়তের আইন বিশ্বাস করেন না, পরে অবশ্য নির্বাচনের আগে আত্মসমর্পণ করে বলেছেন শরিয়তের বিরুদ্ধে কোনো আইন আমরা পাশ করবেন না। ধন্যবাদ উনাকে অন্তত তওবা করে ফিরে এসেছেন।

এদেশে ইসলামী আইন চালু করার ইসলামী বোর্ড গঠন করার দাবি জানিয়ে জামায়াতের এ এমপি বলেন, জাতীয় সংসদে থাকা মাদ্রাসা পাশ করা এমপি এবং বাইরে যত মাযহাব যুক্ত ওলামায়ে কেরাম আছে, এমনকি আহলে হাদিস আছে সব ওলামাকে নিয়ে একটা ইসলামী বোর্ড গঠন হবে। যারা ইসলামী আইন চালু করার জন্য আমাদেরকে পরামর্শ দেবে এবং দেশে সেই আইন কার্যকারী হবে।

তিনি বলেন, আমাদের প্রথম চিন্তা হচ্ছে দুনিয়াতে আমরা কেউ থাকবো না। মরার পরে আমাদের আসল জায়গা। এখানে যা আলোচনা হচ্ছে সব দুনিয়া কেন্দ্রিক। আখেরাতে কি হবে চিন্তা কারো মনে নাই। সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতের অনুবাদ করে বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারল সেই সত্যিকার সফল হবে এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই সত্যিকার সফল হতে পারবে।

তিনি বলেন, সংসদ লবিতে ঢোকার সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান এটা দেখার পরে মনে হয়, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে তাহলে তো আমাদের আইনের উৎস আল কোরআন। কোরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল। শতকরা ৯০ জন মানুষ, যারা কুরআনে বিশ্বাস করে, এই কোরআনে যে বিধানগুলো আছে ৬৬৬৬টি আয়াতের মধ্যে ১ হাজার আয়াত আছে হ্যাঁ বোধক আইন, ১ হাজার আয়াত আছে না বোধক আইন। যেগুলো বাংলাদেশে কায়েম করতে হবে। এটা আমাদের দাবি।

তিনি বলেন, সূরা হজের ৪১ নম্বর আয়াতের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সকলকেই বলতে চাই। কোরআনে আয়াতের অনুবাদ করে তিনি বলেন, যারা রাষ্ট্র ক্ষমতা পাবে তারা দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেবে এবং জাকাত চালু করে মানুষের ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব দেশ থেকে বিতাড়িত করবে। ভালো কাজ করে মানুষকে শান্তিতে থাকতে দেবে, খারাপ কাজ বন্ধ করে অশান্তির আগুন থেকে মানুষকে রক্ষা করবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ