নিজস্ব প্রতিবেদক
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় আবারও দুই দিন রিমান্ডে নিয়ে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২৩ এপ্রিল মঞ্জুর হওয়া চার দিন রিমান্ড শেষে নাছেরকে আজ আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম। এ মামলায় পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তিনি।
রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশে ও অর্থায়নে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়। মূল রহস্য উদঘাটন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।
মামলার বিবরণে অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকেল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাত আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উদ্দেশে গুলিবর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে বাদীর ভাগনে মাহমুদুল হাসানের শরীরে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করা হয়।
গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর থেকে মিরপুর মডেল ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় কয়েক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বিভিন্ন মামলায় এ পর্যন্ত ২৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।