নিজস্ব প্রতিবেদক
বরিশালের বানারীপাড়ার চৌমোহনা বাজারে মাছ বিক্রেতার পকেট থেকে টাকা চুরির অভিযোগে খোকন হাওলাদার নামে এক যুবদল নেতাকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।
রোববার সকালে হাটের দিন এ ঘটনা ঘটে। খোকন হাওলাদার উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে।
৫ নম্বর বিশারকান্দি ওয়ার্ডের সদস্য নান্না মিয়া তালুকদার স্থানীয় সাংবাদিকদের জানান, রোববার সকালে কলাভিটা গ্রামের অনিল মণ্ডল চৌমোহনা বাজারে মাছ বিক্রি করতে অসেন। সকাল ৯টার দিকে মাছ বিক্রির টাকা পকেটে রাখেন তিনি।
এ সময় কৌশলে অনিলের পকেটে হাত দিয়ে টাকা চুরির চেষ্টা করেন যুবদল নেতা খোকন। চুরির বিষয়টি টের পেয়ে নিজের পকেটের মধ্যে খোকনের হাত চেপে ধরে চিৎকার দিলে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসহ লোকজন এসে হাতেনাতে তাকে ধরে ফেলেন।
পরে উত্তেজিত লোকজন খোকনকে রশি দিয়ে পিছমোড়া করে হাত বেঁধে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দের জন্য গ্রামপুলিশ সদস্যের জিম্মায় দেয়।
গ্রামপুলিশ সদস্য সিদ্দিকুর রহমান জানান, ওই পকেটমারের বিরুদ্ধে কেউ বাদী হয়ে থানায় অভিযোগ করতে রাজি না হওয়ায় সাবেক ইউপি সদস্য ও দলীয় নেতাদের সম্মতিতে ছেড়ে দেওয়া হয়।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।