ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​দেবীগঞ্জে মোটরসাইকেল মামলাকে কেন্দ্র করে ইউএনওর ওপর হামলা, তেল বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ১৭:৫৬:১২
​দেবীগঞ্জে মোটরসাইকেল মামলাকে কেন্দ্র করে ইউএনওর ওপর হামলা, তেল বিক্রি বন্ধ ​দেবীগঞ্জে মোটরসাইকেল মামলাকে কেন্দ্র করে ইউএনওর ওপর হামলা, তেল বিক্রি বন্ধ

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু 
পঞ্চগড় প্রতিনিধি 



পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তেল পাম্পে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এবং তার সঙ্গে থাকা এক আনসার সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার ভাউলাগঞ্জ এলাকায় অবস্থিত মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশন-এ শনিবার সকাল ৯টা থেকে ট্যাগ অফিসার, পুলিশ ও গ্রাম পুলিশের উপস্থিতিতে তেল সরবরাহ কার্যক্রম চলছিল। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা—ডোমারের চিলাহাটি, বোদার বড়শশী ও বগদুলঝুলা, এবং দেবীগঞ্জের টেপ্রীগঞ্জ ও চিলাহাটি ইউনিয়ন থেকে আসা মানুষের কারণে পাম্পে সকাল থেকেই মোটরসাইকেলের দীর্ঘ লাইন ও অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়।

বেলা সাড়ে ১২টার দিকে ইউএনও সবুজ কুমার বসাক ঘটনাস্থল পরিদর্শনে গেলে তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের লাইন থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইজন মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাইনে অপেক্ষমাণ প্রায় ৩০-৪০ জন মোটরসাইকেল চালক হট্টগোল শুরু করে এবং একপর্যায়ে ইউএনও ও আনসার সদস্যের দিকে তেড়ে আসে। পরিস্থিতি অবনতির দিকে গেলে ইউএনওকে দ্রুত পাশের একটি বাড়িতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ইউএনওর নির্দেশে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ওসি সেলিম মালিক জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই পাম্পে তেল বিক্রি বন্ধ থাকবে। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ