সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পিতভাবে মব সৃষ্টি করছে - মাওলানা আব্দুল হালিম
সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পিতভাবে মব সৃষ্টি করছে - মাওলানা আব্দুল হালিম
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পিতভাবে মব সৃষ্টি করছে। তিনি বলেন, ছাত্রদল যেভাবে চট্রগ্রাম সিটি কলেজে ছাত্রদের ওপর রামদা নিয়ে হামলা চালিয়েছে, প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে এতে মনে হয় ছাত্রদল বিএনপি সরকারকে খাঁদের কিনারায় নিয়ে যাচ্ছে। সরকার নিজেদের ছাত্র সংগঠনের মাধ্যমেই ছাত্র সমাজকে ক্ষিপ্ত করে তুলছে। তিনি বলেন, চট্রগ্রামের ঘটনার পর সরকার যদি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে ছাত্রদলের সন্ত্রাসীদের আটক করতো তবে ডাকসু নেতাদের থানার ভেতরে হামলা করার সাহস ছাত্রদলের সন্ত্রাসীরা দেখাতে পারতো না। সরকার দলীয় নেতাকর্মীরা একের পর এক মব সৃষ্টি করে যাচ্ছে আর সরকার নিরব দর্শকের ভূমিকা রেখে মব সন্ত্রাসকে আশ্রয়-প্রশয় দিচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার-বংশাল জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে। জামায়াতে কোনো অন্যায়ের কাছে মাথানত করেনি, করবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। কোনো অপশক্তিকে জনগণের ঘাড়ে চেপে বসতে দেওয়া হবে না। তিনি বলেন, জনগণ পরিবর্তন চায়, জনগণ সংস্কার চায়। সংশোধনের নামে জনগণ অতীতের মতো আর কোনো ধোঁকায় পড়তে চায় না। অতীতে বহুবার সংবিধান সংশোধন করা হয়েছে। আর সেই সংশোধন জনগণের স্বার্থে হয়নি, সংশোধন হয়েছে সরকারের ক্ষমতা বৃদ্ধি করতে। তাই আর সংশোধন নয় এবার গণভোটের জনরায় মেনে সংবিধান সংস্কার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এর কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, শিক্ষাঙ্গণে সন্ত্রাস, সর্বস্তরে চাঁদাবাজি, লুটপাট, দখল, জবরদখল করে সরকার আবারও দেশে একনায়নতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। সরকারের ব্যর্থতা ঢাকতে পরিকল্পিতভাবে ছাত্রদলের সন্ত্রাসীদের দিয়ে সরকার মব সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু জনগণ সরকারের ফাঁদে পা দেবে না। সরকারকে সোজা পথে আনতে যা করণীয় জনগণ তা গণতান্ত্রিকভাবেই করবে।
তিনি আরও বলেন, একটি ফেইক নিউজকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকির প্রেক্ষিতে ঐ ছাত্র তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে শাহবাগ থানায় জিডি করতে গিয়েছিল। কিন্তু পুলিশ তার জিডি গ্রহন না করে তাদেরকে থানার ভেতরে দেড় ঘন্টা বসিয়ে রাখে এবং পরবর্তীতে ছাত্রদলের সন্ত্রাসীরা থানায় এসে পুলিশের উপস্থিতিতে ডাকসু নেতাদের ওপর হামলা চালায়। এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ঘটনার সময় সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রদলের সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপরও হামলা চালিয়ে ১২ জন সাংবাদিককে আহত করে। যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত করার সামিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, চকবাজার-বংশাল জোন পরিচালক মুহাম্মদ দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক এস এম আহসান উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরের আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান। এছাড়াও চকবাজার-বংশাল জোনের সকল থানা আমীর-সেক্রেটারী সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স