পঞ্চগড়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: কলেজছাত্র গ্রেপ্তার
পঞ্চগড়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: কলেজছাত্র গ্রেপ্তার
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক শাকিল আহমেদ (২২) উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে বুধবার (২২ এপ্রিল) বিকেলে গ্রেপ্তার হন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার রাতে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে শাকিলকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার শাকিল আহমেদ স্থানীয় নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা এবং বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবির সঙ্গে জাইমা রহমানের ছবি যুক্ত করে একটি পোস্ট দেন শাকিল। এতে একটি ব্যঙ্গাত্মক ক্যাপশনও যুক্ত ছিল। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে বিষয়টি পুলিশের নজরে এলে দেবীগঞ্জ থানার এসআই ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ের পর তথ্যপ্রযুক্তি আইনে মামলা গ্রহণ করা হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স