বানারীপাড়া ইউএইচও ডা. লুৎফুল আজিজের বিরুদ্ধে বেসরকারি ক্লিনিকে ব্যবসায়িক অংশীদারিত্বের অভিযোগ
বানারীপাড়া ইউএইচও ডা. লুৎফুল আজিজের বিরুদ্ধে বেসরকারি ক্লিনিকে ব্যবসায়িক অংশীদারিত্বের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. লুৎফুল আজিজ-এর বিরুদ্ধে স্থানীয় 'হামিদ মেমোরিয়াল' নামক বেসরকারি ক্লিনিকের সাথে ব্যবসায়িক শেয়ারে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি পদে আসীন থেকে এমন ব্যবসায়িক সম্পৃক্ততা ‘সরকারি কর্মচারী বিধিমালা’র সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন আইনজ্ঞ ও সচেতন মহল।
অনুসন্ধানে জানা যায়, ডা. লুৎফুল আজিজ সরকারি ক্ষমতার অপব্যবহার করে হামিদ মেমোরিয়ালের ব্যবসায়িক কর্মকাণ্ডে সরাসরি প্রভাব বিস্তার করছেন। নাম প্রকাশ না করার শর্তে তার ব্যক্তিগত কয়েকজন কর্মচারী নিশ্চিত করেছেন যে, তিনি ওই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার হিসেবে নিয়মিত ব্যবসায়িক তদারকি ও লভ্যাংশ সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত থাকেন। তার একজন ব্যক্তিগত কর্মচারী বলেছেন, 'তিনি হামিদ মেমোরিয়ালের জন্মলগ্ন থেকেই তার সাথে ব্যবসায়ীক সম্পর্কে যুক্ত'।
প্রসঙ্গত, ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর ১৭ নং বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী সরকারের পূর্বানুমতি ব্যতিত কোনো ব্যবসা পরিচালনা বা অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে অংশীদার হতে পারেন না। এছাড়া, দণ্ডবিধির ১৬৮ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যদি বেআইনিভাবে কোনো ব্যবসায় নিয়োজিত হন, তবে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
স্থানীয়রা জানান, ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকায় সরকারি হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং রোগীদের ওই নির্দিষ্ট ক্লিনিকে যাওয়ার জন্য পরোক্ষভাবে বাধ্য করা হচ্ছে। একজন দায়িত্বশীল পদে থেকে এভাবে স্বার্থের সংঘাত তৈরি করা শুধু প্রশাসনিক অপরাধই নয়, বরং চিকিৎসকের মহান পেশার নৈতিকতারও পরিপন্থী।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. লুৎফুল আজিজের সাথে যোগাযোগের তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার একটি ভয়েস ক্লিপের মাধ্যমে জানা যায় তিনি বলেছেন, 'সরকারি কর্মকর্তারাও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সরকারের অনুমতি ছাড়াই যুক্ত থাকতে পারবে'– যদিও তার এ বক্তব্যটি সরাসরি 'সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা'র সম্পূর্ণ পরিপন্থী।
নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com
কমেন্ট বক্স