সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে দুই স্কুলছাত্র আটক
সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে দুই স্কুলছাত্র আটক
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি স্কুলছাত্রকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই শিক্ষার্থী হলো—আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। উদয় রশেয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এবং ইন্দ্র একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তারা আগের দিন বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে সীমান্ত সংলগ্ন এলাকায় ঘুরতে গিয়ে ছবি তুলছিল। এ সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
এক প্রত্যক্ষদর্শী জানান, দুই শিক্ষার্থী সাইকেল নিয়ে সীমান্ত এলাকায় ছবি তুলছিল। হঠাৎ বিএসএফ সদস্যরা এসে তাদের আটক করে এবং পরে মারধর করতে করতে নিয়ে যায়।
আটক উদয়ের বোন সিতা রানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ওরা ছোট মানুষ, কিছু বোঝে না। ভুল করে সীমান্ত পার হয়েছে। আমরা দ্রুত তাদের ফেরত চাই।”
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে বিএসএফকে অবহিত করা হয়েছে। দুই কিশোরকে ফেরত আনার জন্য বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স