রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার কৃতি সন্তান ও সম্ভাবনাময় টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমার জীবনে নতুন আশার আলো জ্বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর তার স্বপ্নের ঘর নির্মাণের কাজ দৃশ্যমান অগ্রগতিতে পৌঁছায় পরিবারে নেমে এসেছে স্বস্তি ও আনন্দের ছোঁয়া।
গতকাল(২২ এপ্রিল) সকালে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিনা আক্তার খই খই সাই মারমার নিজ এলাকায় নির্মাণাধীন ঘরটি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য মিলন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খই খইয়ের পরিবারের সদস্যরা।
পরিদর্শনকালে ইউএনও নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ইউএনও সেলিনা আক্তার বলেন,
“খই খই সাই মারমা আমাদের রাজস্থলীর গর্ব। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সে যে সাফল্য অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তার মতো মেধাবী খেলোয়াড়দের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা চাই, তার স্বপ্নের এই ঘর দ্রুত সম্পন্ন হোক এবং সে আরও ভালো পরিবেশে থেকে দেশের জন্য বড় কিছু অর্জন করুক।”
খই খই সাই মারমার বাবা আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“আমরা খুব কষ্টের মধ্যে দিন কাটিয়েছি। মেয়ের সাফল্য আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। সরকার ও প্রশাসনের সহযোগিতায় আজ আমাদের এই ঘর হচ্ছে—এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, খই খই সাই মারমা দীর্ঘদিন ধরে টেবিল টেনিসে কৃতিত্বের স্বাক্ষর রেখে রাজস্থলীর নাম উজ্জ্বল করে আসছেন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তার এই সাফল্য স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
নিজের এই অর্জন ও নতুন ঘরের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার জন্য খই খই সাই মারমা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন এবং রাজস্থলী উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকলে খই খই সাই মারমা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনবেন।