কেন্দুয়ায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত ৯
কেন্দুয়ায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত ৯
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নারী আব্দুস সাত্তারের মেয়ে ও মো. সাদ্দাম হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
গুরুতর আহতরা হলেন-আসমা (৪৫), সোহেল (৩৬), হারুনা (৬০), শিকা (১৮), শারমিন (২৫), নূরুল ইসলাম (৬০) ও শাহিন মিয়া (৩২)। এছাড়া ইদ্রিস মিয়া ও সাত্তার মিয়াও আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নূরুল ইসলাম ও তার ফুফাত ভাই শামসুদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকাল ১০টার দিকে এক পক্ষ বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে এক নারীর মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দুই পক্ষের বিরোধকে আরও উসকে দিয়েছেন। ঘটনার সঙ্গে হৃদয়, নূরুল, জাহাঙ্গীরসহ কয়েকজন জড়িত বলে তারা দাবি করেছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স