নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে তিন ডাকাতের মৃত্যুর খবর পাওয়া গেছে। ডাকাতদলের নিজেদের পরস্পরের মধ্যে মারামারির ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত একজনের লাশ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।
একই ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুই ডাকাতের মৃত্যু হয়েছে। নিহত ৩ জনই ডাকাতদলের সক্রিয় সদস্য বলে পুলিশ নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানিয়রা জানায়, সোমবার (২০ এপ্রিল) রাতে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদের আস্তানায় এ ঘটনা ঘটে। উক্ত আস্তানায় তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করা অপর দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত মুর্শেদ তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পাহাড়ে। তারা পরস্পর আত্মীয়।
নিহতরা হলেন, বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার বাসিন্দা রুহুল আমিনের ছেলে রবি আলম (২২), নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ (২৬), নুরুল ইসলামের ছেলে নুরুল বশর (২৫) ওরফে কালানি।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় যান। সেখানে একজনের লাশ দেখতে পান। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাদের একজনের বিরুদ্ধে৭টি মামলা রয়েছে বলেও তিনি জানান।
মঙ্গলবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাত দলের আস্তানা থেকে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর দুইজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত ৩ জনই ডাকাত দলের অপহরণ চক্রের সদস্য।
তিনি আরও বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ডাকাতদলে নিজেদের কোন্দলেই এ ঘটনা ঘটেছে।