ঈদের আগেই স্বস্তি: বড়লেখার ১৮ চা বাগানের শ্রমিকদের জন্য পৌনে ৪ কোটি টাকার বিশেষ ভাতা
ঈদের আগেই স্বস্তি: বড়লেখার ১৮ চা বাগানের শ্রমিকদের জন্য পৌনে ৪ কোটি টাকার বিশেষ ভাতা
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৮টি চা বাগানের ৪ হাজার ৬৬৮ জন অসচ্ছল শ্রমিক ঈদের আগেই পাচ্ছেন বিশেষ আর্থিক সহায়তা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিককে ৭ হাজার ৮০০ টাকা করে মোট ৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪০০ টাকার ভাতা প্রদান করা হচ্ছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে শ্রমিকদের বিশেষ ভাতার তালিকা যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এসব তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনের আগে তারেক রহমান চা শ্রমিকদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সব শ্রমিককে এ সহায়তার আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিকদের পক্ষে শিক্ষা, যোগাযোগ, স্যানিটেশন, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয়জলসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে মানপত্র পাঠ করেন আদিবাসী নেতা নারায়ন কর্মী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবদেীন, সিনিয়র সহসভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স