ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের এক নির্বাচনেই পার ৮ বছর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৯ ১০:৩৩:৩১
জাবিতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের এক নির্বাচনেই পার ৮ বছর জাবিতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের এক নির্বাচনেই পার ৮ বছর
নিজস্ব প্রতিবেদক
নিয়মানুযায়ী তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট প্রতিনিধি নির্বাচন আট বছর ধরে বন্ধ রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ প্রতিনিধিদের দিয়েই চলছে সিনেট কার্যক্রম। এ অবস্থায় আগামী জুন মাসে আসন্ন সিনেট অধিবেশনের আগেই দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী প্রতি তিন বছর পরপর রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা থাকলেও সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৩০ ডিসেম্বর। ওই নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হয় ২০২০ সালের ডিসেম্বরে। এরপর দীর্ঘ সময় পার হলেও নতুন নির্বাচন আয়োজন করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সিনেট মোট ৯৩ সদস্য নিয়ে গঠিত হয়, যার মধ্যে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরি থেকে ২৫ জন নির্বাচিত প্রতিনিধি থাকার বিধান রয়েছে। কিন্তু নির্বাচন না হওয়ায় মেয়াদোত্তীর্ণ প্রতিনিধিদের নিয়েই সিনেট সভা পরিচালিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় সূত্র জানায়, ২০১৭ সালের নির্বাচনের আগে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকা হালনাগাদ করা হয়েছিল। পরে ২০২৩ সালের শেষ দিকে ফের তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হলেও তা পূর্ণতা পায়নি। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান ও প্রশাসনিক পরিবর্তনের পর বিষয়টি স্থবির হয়ে পড়ে। বর্তমানে নিবন্ধনসংক্রান্ত ওয়েবসাইটের ডোমেইন মেয়াদোত্তীর্ণ হওয়ায় কার্যক্রমও বন্ধ রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নিবন্ধন কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আমাদের সাম্প্রতিক কার্যনির্বাহী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রশাসন নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে। আগামী সিনেট অধিবেশনের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবেÑএমন আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা আগামী সিনেটে কোনো মেয়াদোত্তীর্ণ প্রতিনিধি দেখতে চাই না।

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুও একই আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনায় ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং দ্রুত এ বিষয়ে কার্যক্রম শুরু হবে।

জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে নির্বাচন আয়োজন করা হবে। শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তে নয়, সবার মতামত নিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ