নিজস্ব প্রতিবেদক
ধান ও আলু ফসলের বিশেষ এলাকা হিসেবে খ্যাত রাজশাহীর তানোর উপজেলায় সার সংকট এবং অবৈধ মজুত করে অতিরিক্ত মূল্য আদায় প্রায় প্রতি বছরের ঘটনা। এ নিয়ে কৃষকদের দুর্ভোগ পোহাতে হয়। ওই সব ঘটনা প্রতিরোধে সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে তানোরের বিসিআইসি ও বিএডিসির সার ডিলাররা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত উপপরিচালক (পিপি) ড. মো. আব্দুল মজিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, তানোর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির নুমাউল আলী, বিসিআইসি সার ডিলার অ্যাসোসিয়েশনের তানোর শাখার আহ্বায়ক প্রণব সাহা, বিএডিসি সার ডিলার অ্যাসোসিয়েশনের তানোর শাখার আহ্বায়ক আব্দুল মতিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কোনো ডিলার যাতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে মজুতদারি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। প্রান্তিক কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সময়মতো সার পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় বিসিআইসির ২২ জন ও বিএডিসি ৯ জন সার ডিলার, প্রান্তিক কৃষক এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।