নিজস্ব প্রতিবেদক
ফেনীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ নুর আলম মাসুদ নামে এক অয়েল মিল মালিকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাসুদ জেলার সোনাগাজী পৌর শহরের সততা অয়েল মিলস'র মালিক ও একই উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের ওমর খাঁন পাঠান বাড়ির পৌরসভার চরগনেশ গ্রামের আব্দুল খালেকের ছেলে।
নিহতের শ্যালক মোহাম্মদ রাসেল মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ বাড়িতে আনা হবে।
ভয়াবহ ওই বিস্ফোরণে গুরুতর দগ্ধ মো. ওমর ফারুক নামে তার এক সহকর্মী চিকিৎসাধীন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সততা অয়েল মিলস' প্রতিষ্ঠানে বিকল্প উপায়ে ইউটিউব দেখে অকটেন তৈরি করার চেষ্টা করেন।
এসময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন প্রতিষ্ঠানটির মালিক নুর আলম মাসুদ এবং তার সহকর্মী মো. ওমর ফারুক।
নিহতের ভাই মোর্শেদ জানান, ঘটনার দিন তার ভাই নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন। তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।