নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেলওয়ে খুলনা জেলার পুলিশ লাইনে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম সম্রাট বিশ্বাস (২৭)। ঘটনাটি জানাজানি হলে খুলনা রেলওয়ে জেলার সিনিয়র কর্মকর্তাসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।
খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহম্মদ নাঈমুল হাসান জানান, শনিবার ভোরে দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে চেয়ারে বসা অবস্থায় নিজ মাথার অগ্রভাগে গুলি করেন তিনি। এরপর চেয়ার থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।