ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কেন্দুয়ায় ফিলিং স্টেশনে তেল বিতরণে বৈষম্যের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১২ ১৬:১২:৪৩
​কেন্দুয়ায় ফিলিং স্টেশনে তেল বিতরণে বৈষম্যের অভিযোগ, তদন্তের দাবি ​কেন্দুয়ায় ফিলিং স্টেশনে তেল বিতরণে বৈষম্যের অভিযোগ, তদন্তের দাবি

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরে অবস্থিত হিমালয় ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়ম ও বৈষম্যের গুরুতর অভিযোগ উঠেছে। প্রশাসনের উপস্থিতিতেই ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ভিন্ন পরিমাণ তেল দেওয়া এবং গোপনে কন্টেইনারের মাধ্যমে তেল সরবরাহের অভিযোগে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, কিছু ব্যক্তিকে মুখ দেখে ১০০০ ও ৬০০ টাকার তেল দেওয়া হলেও সাধারণ ক্রেতাদের ক্ষেত্রে তা সীমিত করে মাত্র ৩০০ টাকায় রাখা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

এছাড়া, কন্টেইনার ব্যবহার করে গোপনে তেল সরবরাহের অভিযোগও পাওয়া গেছে, যা পুরো বিষয়টিকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। স্থানীয়দের প্রশ্ন-এভাবে কি সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন? কার স্বার্থে এই দ্বৈত নীতি?

এ বিষয়ে জানতে চাইলে ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্টেশনের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ডা. শাখাওয়াত হোসেন তারেক বলেন, অবৈধভাবে তেল দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন এবং ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তাকে অবগত করেছেন।

অপর ট্যাগ অফিসার শামসুল ইসলাম খান জানান, সকালে দীর্ঘ সময় দায়িত্ব পালন করার পর কিছু সময় বিশ্রামে ছিলেন, ফলে ওই সময়ের কার্যক্রম সম্পর্কে তিনি অবগত নন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বিষয়টি ট্যাগ অফিসারদের তত্ত্বাবধানে রয়েছে এবং তারাই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম জানান, তিনি একটি মিটিং এ রয়েছেন এবং ফিরে এসে বিষয়টি খতিয়ে দেখবেন। প্রাথমিকভাবে তাকে জানানো হয়েছে, প্রাইভেট কারের জন্য বেশি মূল্যের তেল দেওয়া হয়েছে।

এ ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ