প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য
প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য
ঢাকা: ১২ এপ্রিল ২০২৬, রবিবার
আজ সকাল আনুমানিক ১০ টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি ইসলামাবাদ স্টেশন অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত বাহির থেকে ট্রেন লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় ট্রেনে অবস্থানরত এক যাত্রী গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
ঘটনার পরপরই ট্রেনের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এই রুটে প্রায়ই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। নিয়মিত এমন ঘটনা ঘটলেও এর কার্যকর প্রতিকার না হওয়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
উক্ত ট্রেনে উপস্থিত ছিলেন নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,“ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ যাত্রীরা নিরাপদে চলাচলের অধিকার রাখে, কিন্তু এভাবে ট্রেনে হামলা হলে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হবে, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, ট্রেনে ইট-পাথর নিক্ষেপের মতো বিচ্ছিন্ন ঘটনা আমরা অতীতেও দেখেছি যদি বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে যাত্রীরা স্বাভাবিকভাবে ভ্রমণ করতে পারবে না এবং ট্রেনের প্রতি মানুষের আস্থা কমে যাবে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি, যেন দ্রুত এ ধরনের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।”
নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আহত যাত্রীর দ্রুত সুস্থতা কামনা করছে। একইসাথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স