হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান
হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ জেলায় ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং সীমান্তপথে পাচার প্রতিরোধে যৌথ টাস্কফোর্স অভিযান শুরু করেছে প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল) বিকালে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশ্বিক বাজার পরিস্থিতির প্রভাবে তেলের দামে অস্থিরতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ বা পাচারের চেষ্টা করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিজিবি, র্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে।
বিকেল ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম হাসানের নেতৃত্বে যৌথ দল জেলা সদরের চৌধুরী বাজার এবং নবীগঞ্জ উপজেলার শাপলা ফিলিং স্টেশনসহ বিভিন্ন বাজার, ডিপো ও গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযান চলাকালে ফিলিং স্টেশন ও ডিলারদের মজুদ পরিস্থিতি যাচাই করা হয় এবং কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রতিরোধে সতর্কতা জোরদার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো অনিয়ম বা শাস্তিমূলক ব্যবস্থার তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। ৫৫ বিজিবির আওতাধীন এলাকায় সার্বক্ষণিক তদারকি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স