ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ২২:০১:৫০
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে এক হাজার ৪০০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এই অভিযানের কথা জানানো হয়। এর আগে গত শুক্রবার বিকালে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়ার কাঁঠালতলি এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

বিজিবি জানায়, গুলির একটি চালানের বিষয়ে গোপনে খবর পায় বিজিবি। তাই পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীন বৌদ্ধমনিপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল কাঁঠালতলি এলাকায় অবস্থান নেয়।

শুক্রবার বিকালে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে সন্দেহভাজন চার ব্যক্তিকে আসতে দেখে বিজিবির টহল দলটি তাদের থামার সংকেত দেয়। তবে সংকেত পেয়ে তারা মোটরসাইকেল ও একটি থলে ফেলে পাহাড়ি এলাকা বেয়ে পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া থলে তল্লাশি করে এক হাজার ৪০০ রাউন্ড গুলি পায় বিজিবির টহল দল।

বিজিবির দাবি, উদ্ধার হওয়া গুলি নিয়ে ঘটনাস্থল থেকে ফেরার সময় সন্ত্রাসীদের একটি দল বিজিবি সদস্যদের ঘেরাওয়ের চেষ্টা করে। তবে দ্রুত বিষয়টি জানতে পারে পানছড়ি ব্যাটালিয়ন সদর দপ্তর। সেখান থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এসএম ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সন্ত্রাসীরা সরে যায়।

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে।

সন্ত্রাসী ও চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল আরো জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ