ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ২১:৩০:০৬
যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে রিকশা থামিয়ে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় সবুজ (২৫) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সময় ব্যবহৃত রক্তমাখা ধামাও (বড় দা) উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার ভোরে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৬ এপ্রিল সকালে যুবক মো. মিনহাজ (২৩) রিকশায় কর্মস্থলে যাচ্ছিল। কোরবানীগঞ্জ বলুয়াদিঘির পাড় এলাকায় আবদুল আউয়াল অপু, সবুজ, তুহিনসহ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি মিনহাজকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

একপর্যায়ে সবুজ মাথায় কোপ দিতে গেলে মিনহাজ হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় ভিকটিমের বোন তানজিনা আক্তার বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন।

সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, কোতোয়ালি থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে নগরের পাথরঘাটা এলাকার একটি দোকানের সামনে থেকে হামলায় ব্যবহৃত রক্তমাখা ধামা উদ্ধার করা হয়।

এর আগে মামলার আরেক আসামি তুহিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ