নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
সফুরা বেগম রুমী সংরক্ষিত নারী আসনের এমপি এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে ঢাকায় একটি এবং লালমনিরহাটে চারটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল ঢাকার মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে লালমনিরহাটে নেওয়া হচ্ছে এবং সেখানে দায়ের করা মামলাগুলোর একটিতে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করা হবে।