ইবির 'বুনন' এর নেতৃত্বে ফাওজিয়া—সাইমুম
ইবির 'বুনন' এর নেতৃত্বে ফাওজিয়া—সাইমুম
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন 'বুনন' এর ২০২৬-২৭ সেশনের নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বুননের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের ফাওজিয়া ফারজানা মিম এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের সাইমুম ইসলাম স্থান পায়। এছাড়াও আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে হাসনাত জাহান দীপা, শেখ এ এম রুমান এবং মো. আশেক স্থান পায়।
নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই দিনটি আমার জীবনের একটি অত্যন্ত গর্বের ও স্মরণীয় মুহূর্ত। ‘বুনন’–এর সভাপতি হিসেবে অভিষিক্ত হওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, বরং এক বিশাল দায়িত্বের প্রতীক। আমি গভীরভাবে কৃতজ্ঞ সংগঠনের সকল সদস্যের প্রতি, যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। ‘বুনন’ শুধু একটি সংগঠন নয়, এটি একটি স্বপ্ন—সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার স্বপ্ন। আমি চাই, আমাদের এই সংগঠন আরও বেশি মানুষের কাছে পৌঁছাক এবং ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে এর বিস্তৃতি আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ুক। সভাপতি হিসেবে আমার লক্ষ্য হবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করা, নতুন উদ্যোগ গ্রহণ করা এবং সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি দৃঢ় করা। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করছি।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, “আমি বিশ্বাস করি, আমরা সবাই একসাথে কাজ করলে ‘বুনন’ একদিন একটি অনুকরণীয় সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। সংগঠনের কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে যুক্ত করার জন্য আমরা সমন্বিতভাবে কাজ করব।”
বিদায়ী সভাপতি বলেন, “বুননের এই নতুন কমিটি ঘোষণায় আমি আন্তরিকভাবে আনন্দিত। বর্তমান কমিটির সময়কালে আমরা সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি, আর এখন সেই ধারাবাহিকতা নতুন নেতৃত্ব আরও শক্তভাবে এগিয়ে নিয়ে যাবে—এটাই প্রত্যাশা। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পুরো কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করছি তারা দায়িত্বশীলতা, সততা ও দলগত কাজের মাধ্যমে বুননকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
বিদায়ী সাধারণ সম্পাদক বলেন, “বুননের সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত মূল্যবান। নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করায় আমি আশাবাদী যে সংগঠনটি আরও গতিশীল হবে। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় বুনন তার লক্ষ্য পূরণে আরও এগিয়ে যাবে। নতুন কমিটির প্রতি শুভকামনা রইলো।”
উল্লেখ্য, ’’রঙ তুলিতে স্বপ্ন বুনি” মূলমন্ত্রে দীক্ষিত স্বেচ্ছাসেবী সংগঠন 'বুনন' প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিকতা, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছে। সংগঠনটি নিয়মিত সমাজসেবা, সুবিধাবঞ্চিতদের সহায়তা, শিক্ষা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাস ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। একইসঙ্গে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করে একটি উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখছে তারা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স