নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদ থেকে সরাতে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির একাধিক আইনপ্রণেতা।
এই সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা ভাইস প্রেসিডেন্টের কাছে হস্তান্তরের বিধান রয়েছে।
অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি সর্বশেষ এই দাবি তোলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “ট্রাম্প একটি ভয়াবহ ও অবৈধ যুদ্ধ উসকে দিচ্ছেন, সম্ভাব্য যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছেন। গত ৪৮ ঘণ্টায় তার বক্তব্য সব সীমা অতিক্রম করেছে।”
এর আগে মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমর ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “এই অস্থির মানসিকতার ব্যক্তিকে অবিলম্বে ক্ষমতা থেকে সরাতে হবে।”
নিউ মেক্সিকোর কংগ্রেসওম্যান মেলানি স্ট্যান্সবুরি বলেন, “২৫তম সংশোধনী প্রয়োগের সময় এসেছে। কংগ্রেস ও মন্ত্রিসভাকে এখনই পদক্ষেপ নিতে হবে।”
এছাড়া ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশ মন্তব্য করেন, “তিনি চিরদিনের জন্য এই দেশ ও বিশ্বের জন্য কলঙ্ক হয়ে থাকবেন। এখনই ২৫তম সংশোধনী প্রয়োগ করা উচিত।”
ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফিও একই সুরে বলেন, “আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, তবে এখনই সাংবিধানিক আইনজীবীদের সঙ্গে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করতাম। পরিস্থিতি সম্পূর্ণ অস্বাভাবিক ও উদ্বেগজনক।”
উল্লেখ্য, ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্পের কঠোর অবস্থান ও বক্তব্যের প্রেক্ষাপটেই এসব প্রতিক্রিয়া সামনে এসেছে।