নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে হাতুড়ি হামলায় নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকালে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে একটি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাতুড়ি দিয়ে আঘাত করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (৩১ মার্চ) অভিযুক্ত ব্যক্তি গ্যাস স্টেশনের এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্যাশিয়ার নীলুফার ইয়াসমিনের কাছে টাকা দাবি করেন। তিনি জানান, এটিএম মেশিনের দায়িত্ব তার নয়। এতে ক্ষিপ্ত হয়ে জোয়াচিন সেখান থেকে চলে যান।
গত ২ এপ্রিল সকাল ৭টা ১৪ মিনিটে তিনি আবার গ্যাস স্টেশনে এসে প্রথমে নীলুফারের ব্যক্তিগত গাড়ি হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। শব্দ শুনে নীলুফার বাইরে এলে অভিযুক্ত ‘গিভ মি মাই মানি’ বলে চিৎকার করে তার মাথায় আঘাত করেন। হামলার পর ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও জরুরি চিকিৎসাসেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নেয়। সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, অভিযুক্তকে ম্যাঙ্গো ও রেলি স্ট্রিট এলাকা থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি স্কুলে সাময়িক লকডাউন জারি করা হয়। বর্তমানে জোয়াচিন লি কাউন্টি জেলে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। গত শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে জামিনবিহীন আটক রাখার নির্দেশ দেন।
নিহত নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি তিন মাস আগে ওই কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ শুরু করেন। তার দুই কন্যাসন্তান রয়েছে, যাদের বয়স ১৬ ও ২০ বছর।