নিজস্ব প্রতিবেদক
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়া অঞ্চলের হাব্বুশ ও কফুর শহরের মধ্যবর্তী সড়কের পাশে একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আরেকটি ঘটনায়, টায়ারের উত্তরে কাদমুস সড়কে ইসরাইলি ড্রোন হামলায় দুইজন নিহত হন।
টায়ার জেলার মারাকেহ শহরের একটি সংযোগস্থলে বিমান হামলায় নিহত হয়েছেন দুই নারীসহ পাঁচজন।
একই জেলার আইন বাল গ্রামে একটি বাড়িতে হামলায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
ইয়াতের-এ চারজন, হাব্বুশ-এ দুই শিশু নিহত এবং ২২ জন আহত হয়েছেন। কানায় একজন, টায়ারের জেলে বন্দরে আরেকজন এবং কানা আল-জালিলে নিহত হয়েছেন একজন।
ইসরাইলের এই হামলায় হুশে একজন শিশু, তিনজন নারী ও তিনজন প্যারামেডিকসহ ১৮ জন, মারাকাহতে ১০ জন, বুর্জ কাল্লাউইয়েহতে তিনজন প্যারামেডিক, কানা আল-জালিলে দুজন এবং সিদ্দিকিনে একজন আহত হয়েছেন। পৃথকভাবে, কানা শহরে এক হামলায় দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এক হাজার ৪২২ জন নিহত ও চার ২৯৪ জন আহত হয়েছেন। এছাড়াও বাস্তুচ্যুত হয়েছেন দশ লাখের বেশি মানুষ ।