ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় সড়ক প্রশস্ত করার দাবিতে ৪ ঘণ্টা অবরোধ, সংসদ সদস্যের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১৩:০০:৪৮
ব্রাহ্মণপাড়ায় সড়ক প্রশস্ত করার দাবিতে ৪ ঘণ্টা অবরোধ, সংসদ সদস্যের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক ব্রাহ্মণপাড়ায় সড়ক প্রশস্ত করার দাবিতে ৪ ঘণ্টা অবরোধ, সংসদ সদস্যের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক
মোঃ অপু খান চৌধুরী।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে সড়কের ঢালাই কাজ প্রশস্ত করা এবং কাজের নিম্নমান নিয়ে ক্ষোভ জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-জনতা। আজ শনিবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে দীর্ঘ ৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেবাবাদ ইউনিয়নের প্রধান এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুরাতন। বাজারে প্রতিনিয়ত বিভিন্ন মালামালবাহী ট্রাক ওঠানামা করে। চলমান সংস্কার কাজে সড়কের প্রশস্ততা অনেক কম রাখা হচ্ছে এবং কাজের মান নিয়েও স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা চলছিল। প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা না পেয়ে আজ সকালে ছাত্র-জনতা সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। তিনি আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে কথা বলেন এবং জনস্বার্থে রাস্তাটি আরও প্রশস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সংসদ সদস্যের আশ্বাসের পর বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান জানান, "আমি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলেছি। সিডিউল অনুযায়ী রাস্তাটি ১৮ ফুট করার কথা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।" অন্যদিকে, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, টেন্ডার অনুযায়ী কাজ চলছে। ঠিকাদার সিডিউলের বাইরে গিয়ে কিছু করতে পারবেন না। বর্তমানে ১৮ ফুট প্রশস্ত করেই কাজ করা হচ্ছে। যদি আরও প্রশস্ত করার প্রয়োজন হয়, তবে নতুন করে প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদন করিয়ে আনতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ