নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন এবং পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয়। এ মামলায় বর্তমানে ফজলে করিমসহ চারজন গ্রেপ্তার রয়েছেন। অন্যরা হলেন— যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ।
জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে করিমকে গ্রেপ্তার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠান আদালত।
২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তার মা জোছনা বেগম। এতে ফজলে করিমসহ বেশ কয়েকজন আসামি হিসেবে রয়েছেন।