ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​পটুয়াখালীতে অভিনব কৌশলে রেনু পাচার: কোস্ট গার্ডের অভিযানে বিলাসবহুল ল্যান্ড ক্রুজার জব্দ, দুইজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ২০:২২:২৩
​পটুয়াখালীতে অভিনব কৌশলে রেনু পাচার: কোস্ট গার্ডের অভিযানে বিলাসবহুল ল্যান্ড ক্রুজার জব্দ, দুইজনকে জরিমানা ​পটুয়াখালীতে অভিনব কৌশলে রেনু পাচার: কোস্ট গার্ডের অভিযানে বিলাসবহুল ল্যান্ড ক্রুজার জব্দ, দুইজনকে জরিমানা

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীতে অভিনব পদ্ধতিতে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেনু পাচারের সময় কোস্ট গার্ডের হাতে একটি বিলাসবহুল প্রাডো ল্যান্ড ক্রুজার জব্দ হয়েছে। পরে স্থানীয় প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে উদ্ধারকৃত রেনু পোনাকে নদীতে অবমুক্ত করে এবং আটক দুই ব্যক্তিকে জরিমানা প্রদান করে।

জানা যায়, গলাচিপার বদনাতলী চরাঞ্চল থেকে ঢাকা মেট্রো ঘ-১১-৩৪৮৪ নম্বরের প্রাডো ল্যান্ড ক্রুজারে করে বাঘেরহাটের উদ্দেশ্যে রেনু পাচার চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। এসময় গাড়িতে থাকা পরিবহন লাইনম্যান ফিরোজ আলম ও ড্রাইভার সফিকুল ইসলামকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে পৌঁছে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দুইজনকে ১,০০০ টাকা করে জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়—একই অপরাধ পুনরাবৃত্তি করলে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে।

এদিকে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একদল অসাধু চক্র সমুদ্র উপকূলে চরাঞ্চলের দরিদ্র মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে চিংড়ি রেনু আহরণ করিয়ে আসছে। এই চক্রের মূল হোতা হিসেবে মো. সোহেল নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। রাতের আঁধারে এসব রেনু পোনা চরাঞ্চল থেকে সংগ্রহ করে গোপন পথে খুলনা–বাগেরহাটসহ বিভিন্ন জেলায় পাচার করা হয়। সোহেল ছাড়াও আরও কয়েকজন এই চক্রের সক্রিয় সদস্য বলে দাবি স্থানীয়দের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত বলেন, মৎস্য কর্মকর্তার মাধ্যমে খবর পাওয়ার পরই আমরা দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করি। অবৈধ রেনু পাচারে জড়িত দুইজনকে ১৮৮ ধারায় জরিমানা করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত জিপ গাড়িটি জব্দ করা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী উপকূলে রেনু আহরণ ও পাচারের এই সক্রিয় চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ