নিজস্ব প্রতিবেদক
দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী আলোচনা শেষে দুপুর আড়াইটার দিকে বৈঠক শেষ হয়। বৈঠক পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ফটকে সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বিনিয়োগ পরিবেশ চাঙা করা এবং শিল্প খাতের বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের এই প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তার কথা বলেন তারা।
ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকারীদের জন্য ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিমানবন্দরের ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা যাতে সহজে বাংলাদেশে আসতে পারেন, সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা।
আমির খসরু বলেন, মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্সপ্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রপ্তানি ও বাণিজ্যে গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।