ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১৯:০২:৪৩
রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি
 
 
নিজস্ব প্রতিবেদক
১৭ বছর ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। প্রতিটি গুম, খুন ও নির্যাতনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনারও ঘোষণা দেন তিনি।

 
শনিবার খুলনা মহানগরের এক হোটেলে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হুইপ এসব কথা বলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার এবং অসুস্থ-দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে এই সহায়তার চেক বিতরণ করা হয়। খুলনা জেলা পরিষদ এই সহায়তা দেয়।


হুইপ বলেন, গত ১৭ বছর সারা দেশে যে গুম ও খুনের সংস্কৃতি কায়েম করা হয়েছিল, তার একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া। দীর্ঘ দুঃশাসনের অবসান ঘটিয়ে আজ যে মুক্তির নিঃশ্বাস মানুষ নিচ্ছে, তা অর্জিত হয়েছে অসংখ্য ভাই-বোনের রক্ত আর স্বজনদের চোখের জলের বিনিময়ে।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে মহানগর ও জেলার মোট ৭৩টি পরিবারের হাতে ৭ লাখ ৩৬ হাজার টাকার সহায়তা চেক তুলে দেওয়া হয়, যার মধ্যে ২৩টি শহীদ পরিবার এবং ৫০টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজিজুল বারী হেলাল এমপি, সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা ড্যাব সভাপতি রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ