নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পতেঙ্গায় বহির্নোঙরে অভিযান চালিয়ে ৬ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। একইসাথে ছয়টি গ্যাস সিলিন্ডার উদ্ধার ও ১২ পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আটজনই রোহিঙ্গা নাগরিক।
শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড। এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) ভোর ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালানো হয়। বোটটিতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮ ৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তারা অবৈধ পাচারের সাথে জড়িত।
এতে আরো জানানো হয়, একই বোটকে ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিলো বলে জানা গেছে।
কোস্টগার্ড কর্মকর্তারা জানান, কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের সফল অভিযানের কারণে মানবপাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভবপর হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ েধরনের অভিযান অব্যাহত রাখবে।