ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বড় পতনের মধ্যেই গড় লেনদেন বেড়েছে ২২ শতাংশ


আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১১:২৩:০৬
বড় পতনের মধ্যেই গড় লেনদেন বেড়েছে ২২ শতাংশ বড় পতনের মধ্যেই গড় লেনদেন বেড়েছে ২২ শতাংশ

 

 

গত সপ্তাহে (২৯ মার্চ–২ এপ্রিল) দেশের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও লেনদেনের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্য হারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ শতাংশ কমেছে, তবে দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ২২ শতাংশ।

সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক ৯৬ দশমিক ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৫ হাজার ৩১৬ পয়েন্ট। একই সময়ে ডিএস-৩০ সূচক ৩৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৮০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্টে নেমে আসে।

ডিএসইতে সপ্তাহজুড়ে ৩৯০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত ছিল ১২টির। সূচকের পতনে বড় ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইসলামী ব্যাংক, আল-আরফাহ ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংকের শেয়ার।

লেনদেনের হিসাবে, সপ্তাহজুড়ে দৈনিক গড়ে ৬৬৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৫৪৮ কোটি টাকা। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২১ দশমিক ৯০ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও দেশের জ্বালানি সংকট নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব পড়ে। এতে বাজারে বিক্রির চাপ বেড়ে যায় এবং সপ্তাহের প্রথম তিন কার্যদিবসেই সূচকের বড় পতন ঘটে। পরে কিছুটা সস্তায় শেয়ার কেনার প্রবণতা দেখা গেলেও তা স্থায়ী হয়নি।

খাতভিত্তিক লেনদেনে ওষুধ ও রসায়ন খাত ১৬ দশমিক ৬ শতাংশ নিয়ে শীর্ষে ছিল। এরপর প্রকৌশল খাত ১২ দশমিক ৪ শতাংশ, বস্ত্র খাত ৯ দশমিক ৮ শতাংশ এবং ব্যাংক খাত একই হারে লেনদেন দখল করে। সাধারণ বীমা খাতের অংশ ছিল ৭ দশমিক ৩ শতাংশ।

গত সপ্তাহে অধিকাংশ খাতে নেতিবাচক রিটার্ন এসেছে। ভ্রমণ ও অবকাশ খাতে সর্বোচ্চ ৩ দশমিক ৯ শতাংশ পতন হয়। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান, সিমেন্ট, ব্যাংক, টেলিযোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎসহ বেশিরভাগ খাতেই দরপতন লক্ষ্য করা গেছে। তবে তথ্যপ্রযুক্তি খাতে ৩ দশমিক ২ শতাংশ, সাধারণ বীমা খাতে ১ দশমিক ২ শতাংশ এবং সেবা ও আবাসন খাতে ১ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৪৩ শতাংশ কমে ১৪ হাজার ৭০১ পয়েন্টে নেমে এসেছে। একই সময়ে সিএসসিএক্স সূচক ১ দশমিক ৩১ শতাংশ কমে ৮ হাজার ৯৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে সপ্তাহজুড়ে ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির। মোট লেনদেন হয়েছে ১৮৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ