নিজস্ব প্রতিবেদক
হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচলের ওপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। এবার মধ্যপ্রাচ্যের আরেকটি নৌচলাচলের সংকীর্ণ পথ বাব-আল-মানদেব প্রণালি নিয়ে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বাব-আল-মানদেব হলো লোহিত সাগর ও সুয়েজ খালের দক্ষিণের প্রবেশপথ, যা ভূমধ্যসাগরে প্রবেশের সুযোগ করে দেয়।
শনিবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, ‘বিশ্বব্যাপী তেল, এলএনজি, গম, চাল ও সারের চালানের কত অংশ বাব-আল-মানদেব প্রণালি দিয়ে যাতায়াত করে?’
তিনি আরো লেখেন, ‘কোন দেশ এবং কোম্পানিগুলো এই প্রণালি দিয়ে সর্বোচ্চ পরিমাণে পণ্য পরিবহন করে?’ তার এমন বক্তব্য এই জলপথে বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা। কারণ ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী বাব আল-মানদেবের তীরে অবস্থিত।
হরমুজ প্রণালির মতো বিশ্ব বাণিজ্যের জন্য ততটা গুরুত্বপূর্ণ না হলেও, বাব আল-মানদেব প্রণালি সামুদ্রিক যান চলাচলের জন্য বেশ গুরুত্বপূর্ণ পথ।
এই প্রণালীটি দিয়ে প্রায় ১৪ শতাংশ বাণিজ্যিক চালান চলাচল করে, যার মধ্যে রয়েছে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৫ শতাংশ।
ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণকারী হুথিরা ইরানের সমর্থনে যুদ্ধে জড়িত হওয়ার পর থেকেই প্রণালিটির অরক্ষিত অবস্থা শিল্পখাতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।