ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাওয়ার পানির সংকটে দুর্ভোগে পিরোজপুর পৌরবাসী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১০:৩৯:৩৮
খাওয়ার পানির সংকটে দুর্ভোগে পিরোজপুর পৌরবাসী খাওয়ার পানির সংকটে দুর্ভোগে পিরোজপুর পৌরবাসী
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর পৌরসভার দুই লক্ষাধিক পৌরবাসী দীর্ঘদিন ধরে খাবার পানির সংকটে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পৌর এলাকার মূল শহরের বাসিন্দারা সামান্য কিছু পানি পেলেও ৯০ শতাংশ পানির গ্রাহক আদৌ পানি পাচ্ছেন না। ফলে গ্রীষ্মের এ মৌসুমে পৌর এলাকায় চলছে পানির জন্য হাহাকার। পৌরবাসী বছরের পর বছর সুপেয় পানির অভাবে ভুগলেও কর্তৃপক্ষের সেদিকে কোনো নজর নেই।

জানা গেছে, ১৫০ বছরের পুরোনো পিরোজপুর পৌরসভার বাসিন্দাদের জন্য ৪৩ বছর আগে স্থাপিত হয় সুপেয় পানি শোধনাগার। এর আগে পৌর এলাকায় পানি পানের জন্য সংরক্ষিত ছিল দুটি পুকুর। পরে ১৯৮৩ সালে পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ পৌরবাসীর জন্য প্রতি ঘণ্টায় ৫০ হাজার লিটার শোধন ক্ষমতাসম্পন্ন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে। পর্যায়ক্রমে ওই প্ল্যান্টের শোধন ক্ষমতা বেড়ে হয় ঘণ্টায় তিন লাখ লিটার।

পিরোজপুর পৌরসভার প্রায় দুই লাখ বাসিন্দার জন্য প্রতি ঘণ্টায় ৯ লাখ লিটার পানির চাহিদা থাকলেও শোধন করা হচ্ছে মাত্র তিন লাখ লিটার। শুরুতে এখানকার পানির গ্রাহক ছিল পাঁচ শতাধিক। বর্তমানে গ্রাহক সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। বর্তমান ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটির শোধন ক্ষমতা তিন লাখ লিটার থাকলেও বলেশ্বর নদী থেকে পানি উত্তোলন করা হয়। এই নদী ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পুকুর শুকিয়ে যাওয়ায় এখন তিন লাখ লিটার পানি শোধন করাও সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

পৌরবাসীর অভিযোগ, দিনে দুই বেলা দুই ঘণ্টা পানি সাপ্লাইয়ের কথা থাকলেও এখন ৩০ মিনিটও মিলছে না পানি। তাও আবার এক দিন পরপর পানি দেওয়া হয়। মাঝে মাঝে পানি পান না গ্রাহকরা। ফলে তীব্র পানি সংকটে পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পিরোজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াজুল হক রেজা জানান, বহু টাকা ব্যয়ে বাড়িতে পৌরসভার পানি সরবরাহের সংযোগ নিয়েছিলাম। কিন্তু পানি পাচ্ছি না। অথচ মাসে মাসে পানির বিল দিতে হচ্ছে।

পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হক বলেন, পানির সমস্যার কারণে আমাদের এখানে ভাড়াটিয়া এসে বেশি দিন থাকে না। পানির সমস্যার জন্য ভাড়াটিয়ারা অন্যত্র চলে যায়। আমার তিনটি ঘরের ভাড়াটিয়ার মধ্যে পানির সমস্যার জন্য দুটি অন্যত্র চলে গেছে।

পিরোজপুর পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের এক কর্মচারী বাবুল হাওলাদার বলেন, পানির সমস্যা সমাধানের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয় সেগুলো ঠিকমতো বাস্তবায়িত না হওয়ায় সমস্যা নিরসন হচ্ছে না।

পিরোজপুর পৌরসভার পানি ও পয়োনিষ্কাশন বিভাগের সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান জানান, পিরোজপুর পৌরসভার পানির গ্রাহক ছিল একসময় পাঁচ শতাধিক। বর্তমানে এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। তিনি জানান, পানির সমস্যা সমাধানে নতুন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাই চলছে। এটি বাস্তবায়ন হলে আশা করি পানির সমস্যার সমাধান হবে। এটি কবে বাস্তবায়িত হবে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ