আমিরাত ও কুয়েতে ইরানের হামলা, জ্বালানি অবকাঠামোতে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের হাবসান গ্যাস স্থাপনা এবং কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) হামলার পর উভয় স্থাপনায় আগুন লেগে উৎপাদন বন্ধ হয়ে যায়।
আমিরাতের আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ হাবসান গ্যাস স্থাপনায় আগুন ধরিয়েছে। কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, তাদের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়াও একই দিনে কুয়েতের একটি তেল পরিশোধনাগারেও ড্রোন হামলা চালানো হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর সৌদি আরবসহ উপসাগরীয় আরব দেশগুলোতে ইরান পাল্টা হামলা শুরু করেছে। যুদ্ধের প্রথমদিকে হামলা সামরিক অবকাঠামোতে সীমিত থাকলেও এখন তা মূলত জ্বালানি ও শক্তি অবকাঠামোতে লক্ষ্য করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত বলছে, হরমুজ প্রণালির উপর শক্তি প্রয়োগ হলে তারা সরাসরি যুদ্ধে যোগ দেবে। এই অবস্থায় উপসাগরীয় দেশগুলো সরাসরি যুদ্ধে না থাকলেও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়ছে।