গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত, সড়ক অবরোধ
গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত, সড়ক অবরোধ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে বেপরোয়া গতির একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামের এক অটোবাইক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ অভিমুখী তেলাপিয়া মাছ ভর্তি একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি অটোবাইককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোচালক বাবুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপুরের দিকে নিহতের মরদেহ হাসপাতাল থেকে নিজ গ্রামে পৌঁছালে এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক চালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সকাল ১১টা ০৫ মিনিটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আশ্বস্ত করলে বেলা ১১টা ২৫ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়। পরবর্তীতে ১১টা ২৯ মিনিটে উক্ত মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়ক অবরোধের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, দূর্ঘটনার পরপরই তাৎক্ষণিক উৎসুক জনতার কারণে রাস্তার দু’পাশের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স