ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লোকালয়ে ঢুকে পড়া ১৪ ফুটের অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত


আপডেট সময় : ২০২৬-০৪-০২ ১১:১৫:১৬
লোকালয়ে ঢুকে পড়া ১৪ ফুটের অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত লোকালয়ে ঢুকে পড়া ১৪ ফুটের অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত


এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়া একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং Creative Conservation Alliance-এর যৌথ উদ্ধারকারী দল সাপটিকে গভীর অরণ্যে ছেড়ে দেয়। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন প্রায় ৪০ কেজি।

বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ কার্যালয় সংলগ্ন একটি বসতবাড়িতে সাপটি ঢুকে পড়ে। বাড়ির মালিক মিজান মিয়া জানান, সাপটি তার ঘরে ঢুকে মুরগি খাওয়ার চেষ্টা করছিল। পরে তিনি দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করে। পরে সেটিকে Lawachara National Park-এর গহিন অরণ্যে অবমুক্ত করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, খাদ্যের অভাবে অজগরটি বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসে।

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের মাঠ সহকারী চঞ্চল গোয়ালা জানান, সাপটি সুস্থ ও সক্রিয় ছিল। বন বিভাগের উপস্থিতিতে সেটিকে পর্যবেক্ষণ শেষে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, অজগরটি বিপন্ন প্রজাতির হওয়ায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ