ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‎মাধবপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে গিয়াস উদ্দিন তাহেরীর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৮ ২২:৫৭:৫৮
​‎মাধবপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে গিয়াস উদ্দিন তাহেরীর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ​‎মাধবপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে গিয়াস উদ্দিন তাহেরীর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দিনভর উত্তেজনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

‎স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে মাহফিলের প্রধান বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে স্থানীয় লোকজন শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানস্থলে নিয়ে যান।

‎ এ সময় মাধবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

‎প্রশাসন সূত্রে জানা যায়, সম্ভাব্য উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বেই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে নির্দেশনা অমান্য করে আয়োজক ও অংশগ্রহণকারীরা মাহফিল সম্পন্ন করেন।

‎মাহফিলকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সমর্থকরা এটিকে শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ হিসেবে উল্লেখ করে কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকার দাবি করেছেন। অন্যদিকে, স্থানীয় একটি পক্ষের অভিযোগ, অনুষ্ঠান ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা ও পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে, যা প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে বাধ্য করে।

‎ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী সক্রিয় ছিল। তাদের উপস্থিতিতে পুরো এলাকা নজরদারিতে রাখা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

‎এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‎স্থানীয় সূত্র অনুযায়ী, কোনো ধরনের সহিংসতা বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই মাহফিল শেষ হয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ