আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক মোঃ সোহেল রানা স্বপ্নের ভাড়াকৃত গোডাউন থেকে ৭১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালান রাজিবপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি, আবুল হোসেনের মালিকানাধীন একটি গোডাউনে সরকারি চাল মজুদের তথ্য পেয়ে তারা সেখানে তল্লাশি চালান। এ সময় দু’টি গোডাউন থেকে মোট ৭১ বস্তা চাল আটক করা হয়।
রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হান্নান শাহ্ ও সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফ মাহমুদ বলেন, নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে সরকারি চাল মজুদের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তল্লাশিতে চালের বস্তা পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করি।
পরে রাজিবপুর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে মেসার্স ফাতেমা ট্রেডার্সের মালিক ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক মোঃ সোহেল রানা স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা চাল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল কবির, রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. এফ. এম. শামীম এবং রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মুসা মিয়া।
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. এফ. এম. শামীম জানান, ছাত্রদলের নেতাকর্মীরা চাল আটক করে আমাদের কে জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চাল গুলো জব্দ ও মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেসার্স ফাতেমা ট্রেডার্সের মালিক ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক মোঃ সোহেল রানা স্বপ্নের দাবি, তার মায়ের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ রয়েছে। ঈদ উপলক্ষে অধিকাংশ চাল বিতরণ করা হলেও কিছু চাল গোডাউনে সংরক্ষিত ছিল। এছাড়া, কিছু সুবিধাভোগী তাদের প্রাপ্ত চাল বিক্রি করে যাওয়ায় অতিরিক্ত চাল জমা হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, জব্দকৃত চাল ভিজিএফ বা ইউনিয়ন পরিষদের নয়।