ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৬ ২৩:০৪:২৮
বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মোঃ সারোয়ার হোসেন অপু 
নওগাঁ  প্রতিনিধি, নওগাঁ:
 
নওগাঁর বদলগাছীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে বদলগাছী কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করা হয়।
 
উদ্বোধন শেষে অতিথিরা প্যারেড পরিদর্শন করেন এবং পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন। পরবর্তীতে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
 
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এছাড়া বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, ওসি মো. লুৎফর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীনসহ অনেকে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
 
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া উপজেলার সকল মসজিদে বাদ জোহর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ