এই ভূখণ্ডের মানুষ কখনো পরাজয় স্বীকার করেনি: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬,
গণতন্ত্রের স্বাভাবিক ধারা বারবার বাধাগ্রস্ত করে দেশে স্বৈরাচারী ও দমনমূলক শাসন প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও বিদেশি প্রভাবের মুখেও এ দেশের মানুষ কখনো মাথা নত করেনি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বাণীতে নাহিদ ইসলাম বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির জন্য এক গৌরবময় দিন, যা স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। একইসঙ্গে নির্যাতিত বীরাঙ্গনাদের অবদানও কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন তিনি। স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে দেশ-বিদেশে থাকা সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানান।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক গণআন্দোলনে অসংখ্য মানুষের আত্মত্যাগের মাধ্যমে জাতি স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা কেবল ভূখণ্ডগত অর্জন নয়, বরং ন্যায়বিচার, সমতা ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র গঠনের অঙ্গীকার—যা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
নাহিদ ইসলাম তার বক্তব্যে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা সমানভাবে নিশ্চিত থাকবে।
নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সত্য, ন্যায় ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের দায়িত্ব তরুণদের হাতেই।
সবশেষে তিনি দেশের শান্তি, অগ্রগতি এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।