ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারী এশিয়া কাপে নেই সম্মেলন, সাফে লক্ষ্য শিরোপা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২০ ২১:৪৭:৩৩
নারী এশিয়া কাপে নেই সম্মেলন, সাফে লক্ষ্য শিরোপা নারী এশিয়া কাপে নেই সম্মেলন, সাফে লক্ষ্য শিরোপা


নিজস্ব প্রতিবেদক​

আগামীকাল ঈদ।
তবে দেশের ফুটবল অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। আগামীকাল ঈদের দিন সকালে পুরুষ অনূর্ধ্ব-২০ দল সাফ খেলতে মালদ্বীপ এবং নারী অনূর্ধ্ব-২০ দল এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলতে থাইল্যান্ডের ব্যাংককে রওনা হবে। আজ বিকেলে সাফের সংবাদ সম্মেলন করলেও নারী দল কোনো সংবাদ সম্মেলন করেনি।

 

অনূর্ধ্ব-২০ পর্যায়ে নারী দল প্রথমবার এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলছে। ১২ দলের টুর্নামেন্টে সেমিফাইনালে উঠলে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলার আগে দেশ ছাড়ার সময় বাফুফে কোনো সংবাদ সম্মেলন করেনি। সাধারণ প্রীতি ম্যাচ খেলার আগেও যেখানে সংবাদ সম্মেলন হয়, সেখানে বাংলাদেশের নারী ফুটবলের জন্য ঐতিহাসিক এই টুর্নামেন্টের আগে কোনো কিছুই হয়নি।

আজ সন্ধ্যার পর এক প্রেস রিলিজের সঙ্গে অধিনায়ক আফিদা খন্দকার, কোচ বাটলার ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের ভিডিও দিয়েছে ফেডারেশন। কোচ বাটলার তার বক্তব্যে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট নিয়ে তেমন বেশি কিছু বলেননি। অধিনায়ক আফিদা খন্দকার বরাবরের মতো সংক্ষিপ্তভাবে বলেছেন, ‘আমরা অস্ট্রেলিয়া মিশন শেষ করেছি, এখন থাইল্যান্ড মিশন। আমরা প্রস্তুতি নিয়েছি, সবাই দোয়া করবেন, ভালো কিছু করতে চাই।’

বাংলাদেশ নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার সিনিয়র এশিয়া কাপের পর বলেছিলেন, তিনি ইংল্যান্ডে ফিরে যাবেন। নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসে অবশ্য ইংল্যান্ড যাননি। অনূর্ধ্ব-২০ দলকে অনুশীলন করিয়েছেন।

 

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে চায়। আজ সংবাদ সম্মেলনে বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘আমরা বিগত টুর্নামেন্টে কখনো টাইব্রেকারে, কখনো অন্যভাবে হেরেছি। এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন শুরু করিয়েছিলেন গোলাম রব্বানী ছোটন। সেই ছোটনকে আকস্মিকভাবে সরিয়ে ইংল্যান্ড থেকে মার্ক কক্সকে কোচ করে আনা হয়। সেই কক্সের কোচিং সনদ ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ সংবাদ সম্মেলনে এ বিষয়ে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘তার উয়েফা এ লাইসেন্স রয়েছে। আমরা সেটাই গণ্য করেছি। এখানে সংশয়ের কোনো সুযোগ নেই।’

উয়েফা এ লাইসেন্সের সনদ নির্দিষ্ট সময় পর নবায়ন করতে হয়। কক্সের সেই সনদ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হয়েছে। এরপর তিনি তা নবায়ন করেছেন কিনা, সেটিও একটি প্রশ্ন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ