কালীগঞ্জে শ্রমিকের ঝুলন্ত মরদেহ: পর্দার আড়ালে কি অনলাইন জুয়ার ভয়াল ফাঁদ?
কালীগঞ্জে শ্রমিকের ঝুলন্ত মরদেহ: পর্দার আড়ালে কি অনলাইন জুয়ার ভয়াল ফাঁদ?
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ভাড়া বাসার জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে ইব্রাহিম খলিল (২৮) নামে এক শ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. জাকির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইব্রাহিম খলিল নরসিংদীর শিবপুর উপজেলার ঘরবড়ী নগর মহশ্বরদী এলাকার হেলাল উদ্দিনের ছেলে। তিনি কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়ায় জনৈক লাল মিয়ার ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। পরে সকালে প্রতিবেশীরা তার কক্ষের দরজা বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হলে ডাকাডাকির একপর্যায়ে বিষয়টি নিশ্চিত হয়।
প্রতিবেশী ভাড়াটিয়া হৃদয় মিয়া বলেন, “ইব্রাহিম ভাই খুব চুপচাপ স্বভাবের মানুষ ছিলেন। গত কিছুদিন ধরে তাকে মানসিকভাবে ভেঙে পড়া মনে হতো। প্রায়ই ফোনে কারও সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলতেন। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি, তিনি জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন।”
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম খান জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এদিকে, ঘটনার পর অনুসন্ধানে উঠে এলো ভয়ংকর অনলাইন জুয়া আসক্তির এক চিত্র। জানা যায়, ইব্রাহিম খলিল দীর্ঘদিন ধরে অনলাইন বেটিং বা জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। মাসিক প্রায় ১০ হাজার টাকা আয়ের এই শ্রমিক গত চার বছরে ধীরে ধীরে ভয়াবহ আসক্তিতে জড়িয়ে পড়েন।
স্থানীয় কয়েকজনের দাবি, জুয়ার টাকার জন্য তিনি ধারদেনায় জড়িয়ে পড়েন এবং প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নেন। পারিবারিক কলহ, আর্থিক সংকট এবং সামাজিক চাপ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।
একাধিক সূত্র জানায়, সংসারে অশান্তি ছিল নিত্যদিনের বিষয়। টাকার জন্য স্ত্রীর সঙ্গে বিরোধ এমনকি মারধরের ঘটনাও ঘটত বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে জীবন যেন এক অদৃশ্য চাপে ভেঙে পড়ে-যার শেষ পরিণতি আত্মহত্যা।
ওসি মো. জাকির হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইন বেটিংয়ে আসক্ত ছিলেন এবং আর্থিক ও পারিবারিক চাপে ভুগছিলেন। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ ধরনের অনলাইন জুয়া সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ের অনলাইন বেটিং অ্যাপগুলো অত্যন্ত কৌশলে তৈরি, যা মানুষের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ বাড়িয়ে আসক্তি তৈরি করে। ফলে একজন ব্যবহারকারী বারবার খেলতে বাধ্য হয়, যদিও সে প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ে।
এই আসক্তি ধীরে ধীরে একজন মানুষকে আর্থিকভাবে নিঃস্ব করে, সামাজিকভাবে বিচ্ছিন্ন করে এবং মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। অনেক ক্ষেত্রেই এর পরিণতি দাঁড়ায় আত্মহত্যা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া।
এ বিষয়ে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়েছে। তবে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, নিহত ব্যক্তি অনলাইন বেটিংয়ে আসক্ত ছিলেন এবং আর্থিক সংকটে ভুগছিলেন। এই ধরনের অ্যাপস সমাজে মারাত্মক প্রভাব ফেলছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং জনগণকে এ ধরনের কার্যক্রম থেকে দূরে থাকার জন্য সচেতন করছি।”
বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা পেতে পরিবারকে আরও সতর্ক হতে হবে। পরিবারের সদস্যদের আচরণ, মোবাইল ব্যবহারের ধরণ এবং আর্থিক লেনদেনের ওপর নজর রাখা জরুরি। এছাড়া সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছাড়া এই নীরব বিপর্যয় ঠেকানো কঠিন হয়ে পড়বে।
কালীগঞ্জের এই মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করল-অনলাইন জুয়া শুধু অর্থ নয়, কেড়ে নিচ্ছে মানুষের জীবনও। এখনই সচেতন না হলে, এমন অগণিত ইব্রাহিম খলিলের গল্প হয়তো নীরবেই হারিয়ে যাবে অন্ধকারে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স