রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের একাধিক বারের জননন্দিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুর রব মৃধার (৯৮) রুহের মাগফেরাত কামনায় যুক্তরাষ্ট্রে কোরআন খতম ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বরিশাল বিভাগ উন্নয়ন কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি'র উদ্যোগে
সোমবার (১৬ মার্চ) রাতে তারাবি ও পবিত্র শবে কদরের নামাজ শেষে জ্যামাইকা কুইনস মসজিদ মিশন সেন্টারে পাঁচ শতাধিক মুসল্লীর উপস্থিতিতে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম ও সরকারী কাজী আলহাজ্ব মুফতি গাজী মোঃ রফিকুল ইসলাম এ দোয়া-মিলাদ পরিচালনা করেন।
প্রসঙ্গত, আলহাজ্ব আব্দুর রব মৃধা শনিবার (১৪ মার্চ) দুপুর পৌণে ২টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে তাঁকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে নিজের প্রতিষ্ঠিত বায়তুল মোকাররম জামে মসজিদ লাগোয়া পারিবারিক কবরস্থানে স্ত্রী ও দুই ছেলের পাশে চির নিন্দ্রায় শায়িত করা হয়। #