নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বেড়েছে ঈদযাত্রী পরিবহনের চাপ। বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দেখা গেছে যানবাহনের বাড়তি চাপ! বেলা বাড়ার সাথে সাথেই যানবাহনের চাপ বেড়ে চলেছে। ঢাকা থেকে বাড়তি ভাড়ার বোঝা মাথায় নিয়েই গন্তব্যে ফিরতে হচ্ছে বলে জানান সাধারণ যাত্রীরা।
সরেজমিনে বুধবার সকাল ১০টার দিকে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত পরিবহন ও মোটরসাইকেলের চাপ রয়েছে। ঢাকা থেকে দূরপাল্লার সকল পরিবহনেই যাত্রীদের ভিড় রয়েছে। এছাড়া, লোকাল পরিবহনেও যাত্রীদের অতিরিক্ত ভিড় রয়েছে। ঢাকার গুলিস্তান ও যাত্রাবাড়ী থেকে মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন স্টপেজে স্বাভাবিকের চেয়ে বাড়তি ভাড়া দিয়েই ফিরতে হচ্ছে বলে যাত্রীরা জানান।
যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। ভোর থেকেই বাড়ি ফেরার যেন প্রতিযোগিতা সাধারণ যাত্রীদের মধ্যে। তবে বরাবরের মতো এবারও ঢাকা থেকে শিবচর ও ভাঙ্গা পর্যন্ত আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। ঢাকা থেকে শিবচরের পাঁচ্চর পর্যন্ত লোকাল পরিবহনে যাত্রী প্রতি ১৭০ টাকা ভাড়া।
তবে ঈদকে সামনে রেখে সাড়ে ২৫০ টাকা থেকে ৪৫০ টাকা করে ভাড়া দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন। দূরপাল্লার যাত্রীদের চেয়ে স্বল্প দূরত্বের যাত্রীদের ভোগান্তি বেশি হচ্ছে বলে তারা জানান। ঢাকা থেকে বেশির ভাগ পরিবহনই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাচ্ছে। পদ্মা সেতু পার হয়ে শিবচর ও ভাঙ্গার বিভিন্ন স্টপেজে নামতে ভাঙ্গা পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে।
ঢাকা থেকে আসা যাত্রী প্রতীক রহমান বলেন,' ঈদের সময় বরাবরই বেশি ভাড়া নিয়ে থাকে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে হয়েছে। যাত্রীদের ভিড় বেশি। পরিবহন ভেদে ভাড়াও বেশি দিতে হচ্ছে। ঢাকা থেকে শিবচর পর্যন্ত ৪৫০ টাকা নিচ্ছে।