নিজস্ব প্রতিবেদক
নতুন আইজিপি নিয়োগের পর এবার পুলিশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান ডিএমপি কমিশনার পদে নিয়োগ নিয়ে চলছে ব্যাপক তোড়জোড়। পুলিশের সবচেয়ে বড় এ ইউনিটের নিয়োগপ্রত্যাশীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে আনাগোনা বেড়েছে। এ কর্মকর্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রত্যাশিত পদায়ন ও পদোন্নতি না পাওয়াসহ আরো অনেক বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা চালাচ্ছেন। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করার পর এ পদে শিগগির নতুন মুখ দেখা যাবে বলে নিশ্চিত করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, নতুন ডিএমপি কমিশনার পদে তিনজন অতিরিক্ত আইজিপির মধ্যে যেকোনো একজন হওয়ার সম্ভাবনা বেশি। তারা হলেন—অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম ও ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন এবং অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের এক অতিরিক্ত ডিআইজি গতকাল বুধবার জানান, খুব শিগগির ডিএমপি কমিশনার পদায়ন করা হবে। ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে।
ডিএমপির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন ডিএমপি কমিশনার হওয়ার জন্য আগ্রহীরা বিভিন্ন স্থানে যোগাযোগ শুরু করেছেন। তারা নিজেদের বায়োডাটা সংশ্লিষ্ট মহলে বিস্তারিত আকারে তুলে ধরছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন ডিএমপি কমিশনার বাছাইয়ের ক্ষেত্রে পুলিশিং বোঝেন এমন কর্মকর্তাকে দায়িত্ব দিতে যাচ্ছে।